Friday, February 10, 2012

দিন : এক

একটা কৈফিয়ৎ : এই লেখাটা অসম্পূর্ণ; আরো অনেক লেখার লেখার মতই। কিন্তু তবু এখানে রেখে দিলাম। বাকিটুকু লেখা হলে, যদি কোনোদিন লিখে উঠতে পারি, জুড়ে দেব। আপাতত এই অর্ধেকই থাকুক এখানে তোলা। না হলে, পাছে হারিয়ে ফেলি এই আধখানাও। আসলে, বড্ড হারিয়ে ফেলার ভয় হয় আজকাল। তাই যেটুকু আছে, সেটুকুই আগলে রাখতে মন চায়।

..............................................................................

এ যেন কি-বোর্ড আর কম্প্যুটারের আভ্যন্তরিন অতীব জটিল সমস্ত কারসাজির রসায়ন।

সেদিন রোববার ছিল। আমাদের ডিপার্টমেন্টের পিকনিক, ডায়মন্ড হারবার থেকে বাঁদিক ঘুরে আরো মাইল কয়েক গিয়ে নমিতাদির গ্রামের বাড়িতে। প্রচুর পুকুর, পুকুরে চড়ে বেড়ানো সদা ব্যাস্ত, সদা বিজ্ঞ হাঁসের দল, ধানি জমি, ছোট ছোট বাড়ি, খড়ের গাদা, খোলা মাঠ, গাছপালা। সারাদিন সবাই প্রচুর হইচই করল। খাওয়া-দাওয়া, খেলা, আড্ডা, ছোটদের ফার্স্ট ইয়ার সুলভ মিষ্টি সেই সব ব্যাপার, ইত্যাদি সেরে আবার ফেরার পথে গাড়িতে প্রচুর গান হচ্ছিল। হয়ত যে কোনোদিন প্রকাশ্যে গলা দিয়ে একটা কলি উচ্চারণ করেনি, সেও গলা ছেড়ে গেয়ে উঠছিল। এমন কি এই আমি, এই আনস্মার্ট, লাজুক, ভ্যাবলা আমিও এক সময়ে তাদের সাথে গলা মেলালাম কখনো জিন্দেগি, ক্যায়সি হ্যায় প্যাহেলি হায় তো কখনো তাকতে রেহতে তুঝকো হয়ে মনের মানুষ যেখানে... বেশ চলছিল। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছিল। এক সময় একটি মেয়ে ডিপার্টমেন্টের এক ছাত্রী অর্ণবের গাওয়া রবীন্দ্রসঙ্গীতের কথা তুলল। বিশেষ করে একটা গান মাঝে মাঝে তব দেখা পাই। বললাম যে গানটা শুনেছি ঠিকই কিন্তু সেভাবে গাইবার মত করে জানি না। আর, কে জানে কেন, সেই মুহূর্তে মনে হল, এই গানটা আমার চাই। ওর সেলফোনে ছিল গানটা। অতএব কালক্ষয় না করে আমাদের এই হাই টেক যুগে মিনিটখানেকের মধ্যে নীল দাঁত মারফত ওই গান আমার কাছে ফোনান্তরিত হল। সেদিনই বাড়ি ফিরে এসে শুনলাম গানটা। এক বার, আরেক বার, আরো একবার। আর তারপরেই দেখলাম, আবার করে, রবিঠাকুর ঠিক আমার কথাটি এই ২০১২ সালের আমার কথা কী ভাবে যেন আরো একবার বুঝে নিয়েছিল আমার জন্মের বহু বহু বছর আগে। কেন মেঘ আসে হৃদয় আকাশে মনে মেঘের ভীড়, বড্ড মেঘ জমে আছে বুকের ভিতর এই সব তাকে বলি নি, নিজের মুখোমুখি দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতে গিয়ে নিজেকেও কি বলি নি? বহু বার, বহু ভাবে? জানি সূর্য আছেই কিন্তু, নিজেরই কারণে, তার সাথে মুখোমুখি হওয়া হয়ে উঠছে না...বিবশতা...মন থেকে এই মেঘ কাটিয়ে উঠতে পারছি না। এক অসহায়তা।

No comments:

Post a Comment

'আমিষ': ভালবাসার বিনির্মাণ

"আমিষ" ভালবাসার বিনির্মাণ   শুভ্রদীপ দাশগুপ্ত       আমিষ (২০১৯, অসমিয়া) রচনা ও নির্দেশনাঃ ভাস্কর হাজারিকা     অবশেষে ছবিটি দেখ...